চট্টগ্রামে ৯৬০ বস্তা ইউরিয়া জব্দ, কোস্ট গার্ড বলছে ‘মিয়ানমারে পাচার হচ্ছিল’
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের মিরসাইয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করার তথ্য দিয়ে কোস্ট গার্ড বলেছে, এসব সার মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
শুক্রবার ভোররাতে মিরসরাই উপজেলার ইছাখালী ঘাটে ট্রাক থেকে মাছ ধরার ট্রলারে স্থানান্তরের সময় সারগুলো জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ট্রলার ও চারটি ট্রাক।
এ সময় তিন জনকে আটক করা হয়েছে বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা এসব ইউরিয়া সারের বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
দেশে সারের জন্য ডিলারের গুদাম লুট, কৃষকদের বিক্ষোভের মধ্যেই পাচারের সময় প্রায় হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করল কোস্ট গার্ড।
এর আগে বুধবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে কোস্ট গার্ড, যার বাজারমূল্য ২১ লাখ টাকা। সে দিন আটক করা হয় দুই জনকে।
চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে নাফ নদী দিয়ে সার পাচার হচ্ছে।
গত বছর অন্তর্বর্তী সরকারের সময় সাগরপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ধরা পড়ে।
