২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের এক পক্ষের স্মারকলিপি, অন্যপক্ষের বাধা

১৫ জানুয়ারির ভিতরে চাঁদার হিসাব না দিলে চাঁদাবাজীর মামলা করা হবে বলে আলটিমেটাম দিয়েছে চা শ্রমিকদের এক পক্ষ।

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের এক পক্ষের স্মারকলিপি, অন্যপক্ষের বাধা

চা শ্রমিকদের এক পক্ষ স্মারকলিপি দিতে গেলে অপর পক্ষের বাধার মুখে পড়ে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 09:19 PM

Updated : 08 Jan 2023, 09:19 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে ও চাঁদার হিসাব চেয়ে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দিয়েছে একপক্ষ। অপর পক্ষ তাতে বাধা দিলেও পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। 

রোববার বেলা আড়াইটার দিকে ‘আমরা সাধারণ চা শ্রমিকবৃন্দ’ ব্যানারে কয়েকশ চা শ্রমিক মিছিল করে স্মারকলিপি দিতে যান বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

তিনি জানান, চা শ্রমিকরা মিছিল করে মৌলভীবাজার সড়কে বাংলাদেশ লেবার হাউজের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। তারা কার্যালয়ে প্রবেশ করে স্মারকলিপি দিতে চাইলে বর্তমান চা শ্রমিক ইউনিয়নের কিছু সদস্য তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

তাৎক্ষণিক শ্রীমঙ্গল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে স্মারকলিপি প্রদানকারীদের পক্ষে সাত ভ্যালির সাত জন নেতাকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়। 

পরে তারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি মাখন লাল কর্মকারের উপস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তা দিলিপ নায়েকের হাতে স্মারকলিপি তুলে দেন। 

এ সময় লেবার হাউজের সামনে উত্তেজিত শ্রমিকরা বর্তমান কমিটির বিভিন্ন দুর্নীতি তুলে ধরে প্রতিবাদ সভা করেন।

Image

লেবার হাউজের সামনে প্রতিবাদ সভা করেন উত্তেজিত শ্রমিকরা।

তারা বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ১৮ মাস আগে। তারা অবৈধভাবে সাধারণ শ্রমিকের কাছ থেকে ১৫ টাকা করে সংগ্রহ করে মাসে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাত করছে। 

অন্যদিকে মালিক পক্ষের কাছ থেকে সাধারণ শ্রমিকদের ১৯ মাসের এরিয়ার বিল ও আন্দোলনকালীন সময়ের বিল আদায়ে ব্যর্থ হয়েছে। 

আন্দোলনকারীদের পক্ষে শ্রমিক নেতা সেলিম হক বলেন, “এরা শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা না করে নিজেদের পেট ভরছেন। সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এদের হঠাতেই তাদের আন্দোলনে নামতে হয়েছে।” 

তিনি বলেন, “এখন পর্যন্ত ১৯ মাসের বকেয়া মজুরি উদ্ধারে তাদের ভূমিকা নেই। এ ছাড়াও প্রতি শ্রমিকের কাছ থেকে ১৫ টাকা করে চাঁদা নেয়া হয়। যার হিসাব দেওয়া হয় না সাধারণ চা শ্রমিকদের। ১৫ জানুয়ারির ভিতরে এর হিসাব না দিলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করা হবে।” 

চা শ্রমিক নেতা সীতা রাম অম্লীক বলেন, “এরা প্রবীণ চা শ্রমিক নেতা রাজেন্দ্র প্রসাদ বুনার্জীকে লাঠিয়াল বাহিনী দিয়ে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এরাতো শ্রমিকের টাকা আত্মসাত করবেই। এখন সাধারণ শ্রমিক সোচ্চার হয়েছে। তাদের আর অবৈধভাবে সাধারণ শ্রমিকের কাছ থেকে টাকা আত্মসাৎ এবং লেবার হাউজ দখল করে রাখতে দেওয়া হবে না।”

Image

প্রশাসনিক কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন শ্রমিকরা।

পরে তারা একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বিকাল চারটায় শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরেরও স্মারকলিপি দেন। 

এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ বলেন, তারা একটি স্মারকলিপি গ্রহণ করেছেন। তবে এ স্মারকলিপি প্রদান গণতান্ত্রিক পন্থা পরিপন্থি। 

চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা জানান, এরা রাজেন্দ্র প্রসাদ বুনার্জীর দল। যারা তাদের আগে ৩৪ বছর চা শ্রমিক ইউনিয়নের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল।

Image

একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে চা শ্রমিকরা।

নির্বাচন বিষয়ে তিনি বলেন, তাদের মেয়াদোর্ত্তীণ হয়েছে ঠিক কিন্তু মেয়াদোর্ত্তীণ হওয়ার পূর্বেই নির্বাচনের জন্য শ্রম অধিদপ্তরকে চিঠি দিয়েছেন এবং নতুন নির্বাচন পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। 

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, নির্বাচনী প্রক্রিয়া চলছে অচিরেই সকল পক্ষের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।