আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: পরিকল্পনামন্ত্রী
“গত ১৩ বছরে দেশে যত উন্নয়ন হয়েছে গত ৫০ বছরেও সেটা হয়নি।”
দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং নির্বাচন আটকানোর ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, “আমরা ঝগড়া-বিবাদে নেই। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু, সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক৷ কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
“দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে, দেশকে অস্থিতিশীল করে, কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেশ লুট করার সুযোগ দেবে এই সুযোগ পাবে না বিএনপি।”
মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ পাইলট প্রকল্পের আওতায় ৮৭ উপকারভোগীকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “হাওর, পাহাড়, চরসহ সারাদেশে গত ১৩ বছরে যত উন্নয়ন হয়েছে গত ৫০ বছরেও সেটা হয়নি। আওয়ামী লীগ উন্নয়ন করে সারাদেশকে পাল্টে দিয়েছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে আওয়ামী লীগ।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।
এরপর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু মডেল গ্রামের প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন।
