২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

ইজিবাইকের যাত্রীরা একই পরিবারের সদস্য। তারা মামা বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 04:41 PM

Updated : 25 Dec 2022, 04:41 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও চার যাত্রী। 

রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম। 

নিহত আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল্ বিশ্বাসের ছেলে। 

আহত চার জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক শরিফুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের দুলাল সাহার বাড়ির সামনের বাস স্ট্যান্ডের কাছে খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারীচালিত যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। 

ইজিবাইকের যাত্রীরা একই পরিবারের সদস্য। কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় মামা বাড়ি থেকে তারা বাথানডাঙ্গা গ্রামে নিজেদের বাড়ি যাচ্ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।