যশোরে প্রবাসীকে কুপিয়ে হত্যা, ‘স্ত্রীর প্রেমিক’কে খুঁজছে পুলিশ
বিয়ের আড়াই বছর পর সোহেল রানা দুবাই চলে যান। সেখান থেকে গত ২৫ মার্চ তিনি দেশে আসেন।
যশোর সদর উপজেলার দুবাই প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ‘স্ত্রীর প্রেমিক’ জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের ব্রিজ সংলগ্ন কামারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম।
নিহত সোহেল রানা (৫০) ওই গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে।
সোহেল রানার ভাই শাকিল জানান, তার ভাইয়ের সঙ্গে বছর পাঁচেক আগে যশোর সদরের আলমনগর গ্রামের মিম আক্তার খুশির বিয়ে হয়। বিয়ের আড়াই বছর পর তার ভাই দুবাই চলে যান। সেখান থেকে গত ২৫ মার্চ তিনি দেশে আসেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে পাশের আলমনগর গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন সোহেল রানা।
“পথে কামারবাড়ি এলাকায় পৌঁছালে খুশির প্রেমিক ফারাবির নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপায়।”
খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে গুরুতর জখম সোহেল রানাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি চিকিৎসক শুভাশিস রায় বলেন, রাত ৮টা ২৫ মিনিটে গুরুতর জখম অবস্থায় সোহেল রানাকে নিয়ে আসা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আনিকা তাসনিম জানান, ভর্তির পর রাত পৌনে ৯টায় মারা যান সোহেল রানা।
তিনি বলেন, “নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।”
এসআই মফিজুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ স্ত্রীর পরকীয়ার জেরে এ প্রবাসী খুন হয়েছেন। ফারাবিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া নিহতের স্ত্রী মিম আক্তার খুশি ও শশুর আব্দুল আলীমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
