নেত্রকোণায় বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে
আসামিদের মধ্যে ২০ জন পূর্বধলা এবং ১০ জন মদন উপজেলার বিএনপির নেতাকর্মী।
বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় নেত্রকোণায় বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার নেতাকর্মীরা নেত্রকোণার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক কামাল হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক জাফর ইকবাল।
মামলার বরাতে আদালত পুলিশ জানায়, আসামিদের মধ্যে ২০ জন পূর্বধলা এবং ১০ জন মদন উপজেলার বিএনপির নেতাকর্মী। সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর স্ব স্ব থানায় মামলা হয়।
আসামিরা সবাই উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন।
