২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবান্নে ঐতিহ্যবাহী মাছের মেলা

প্রতিবছরের মত এবারও নবান্ন উপলক্ষে আগ্রহায়ণের প্রথম শনিবার জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে ঐহিত্যবাহী মাছের মেলা। পাঁচশিরা বাজারে কাকডাকা ভোর থেকে দিনব্যাপী মাছের মেলায় উৎসবের আবহ বিরাজ করে। কালাই উপজেলার তালুকদারপাড়া গ্রামের জামাই আব্দুল আলীম, বাইগুনি গ্রামের মুনীশ চৌধুরী, পাঁচশিরা গ্রামের আয়নুল জানান, শত বছরের এই মেলা উপলক্ষে মেয়েজামাই ও আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয়। জামাইরা বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান। আবার শ্বশুররাও মেয়েজামাইদের আপ্যায়ন করতে বেশ ঘটা করে মাছ কিনে থাকেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2023, 08:37 PM

Updated : 19 Nov 2023, 09:42 PM

Image

সকাল থেকে পাঁচশিরা বাজার ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক ও দর কষাকষিতে জমজমাট। মেলায় ভিড় করেন ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সি মানুষ।

Image

মেলার শতাধিক মাছের দোকানে সাজানো দেশীয় জাতের রুই, কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রিগেড, পাঙ্গাস, বাঘা-আইড়সহ নানা ধরনের মাছ।

Image

মৎস্য ব্যবসায়ী মাদারীপুর গ্রামের বিমল কুমার, কাজীপাড়া গ্রামের সাদ্দাম জানান, মেলায় সর্বোচ্চ ২০-২২ কেজি ওজনের রুই-কাতলা, মৃগেল মাছ বেচাকেনা হয়। রুই-কাতলা প্রতি কেজি ২৫০ টাকা থেকে ৮০০ টাকা এবং বাঘা-আইড়, বোয়াল ও চিতল প্রতি কেজি ৪০০ টাকা থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। 

Image

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ার আলী বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমরা এ ধরনের মেলার মাধ্যমে মৎস্যজীবীদের উৎসাহিত করে থাকি।