সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরানো হচ্ছে: খাদ্যমন্ত্রী
তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রেখে দেশবাসীকে স্বস্তি দেওয়া ছিল আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহার।”
সব সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরানো হচ্ছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রেখে দেশবাসীকে স্বস্তি দেওয়া ছিল আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহার। ইতোমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার।”
বৃহস্পতিবার বিকালে নওগাঁর নওজোয়ান মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নাগরিক কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। এ জন্য হাজারো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বর্তমান সরকার।”
নাগরিক কমিটির সভাপতি আশেক হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ছিলেন।
