২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

বাস দুটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 11:47 AM

Updated : 02 Apr 2023, 11:47 AM

ঢাকার সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের পর দুটি বাস ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

রোববার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল।

নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করতেন। ২৫ বছরের মেহেদী পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

এসআই রাজু জানান, সকালে মেহেদী জিরাব থেকে মোটরসাইকেলে বাইপাইল যাচ্ছিলেন। পথে বেঙ্গল প্লাস্টিক কারখানার কাছে বিপরীত দিক থেকে আসা আলীনূর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী। তখন উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় সড়কে চলাচলরত আরও একটি বাস ভাংচুর করে। পরে দুটি বাসেই আগুন দেয় তারা।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই রাজু।

জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপন করে।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে এ আগুন দেওয়ার ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহমেদুল কবির।