২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় মাস্ক পরে বহিরাগতদের কারখানায় হামলা-ভাঙচুর

“যারা কারখানায় হামলা চালিয়েছে, তারা শ্রমিক না অন্য কেউ? এটা নিয়েও সন্দেহ আছে।”

আশুলিয়ায় মাস্ক পরে বহিরাগতদের কারখানায় হামলা-ভাঙচুর

সাভারের আশুলিয়ায় পলাশবাড়ি এলাকায় উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড কারখানায় বহিরাগতরা ভাঙচুর চালায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 06:03 PM

Updated : 31 Oct 2023, 06:03 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় সোয়েটার তৈরির একটি কারখানায় লাঠি হাতে বহিরাগত কয়েকজন যুবক হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কারও কারও মুখে মাস্ক পরা ছিল।

পলাশবাড়ি এলাকায় উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড কারখানার ফটকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৫১ মিনিটে আট থেকে ১০ যুবক লাঠি হাতে কারখানায় ঢুকে পড়ে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের কক্ষসহ ভেতরে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষও ভাঙচুর করে।

তারা ভেতরে থাকা প্রাইভেটকারসহ অফিসের অন্যান্য জিনিসপত্র ভেঙে দেয়। তারা কারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটি ঘোষণা করতে হুমকি দেয়। এ সময় গেটের বাইরে আরও ১০ থেকে ১২ জন যুবক লাঠি হাতে দাঁড়িয়ে ছিল।

উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) পলাশ দত্ত বলেন, “হঠাৎ করে বেশ কয়েকজন ছেলে লাঠি হাতে জোর করে কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কারখানা ছুটি দিতে হুমকি দেয়।

“এ ছাড়া আশপাশে কয়েকটি কারখানায়ও হামলায় চালায় তারা। বাইরে সড়কের মাঝখানে গাছের ডালপালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। ততক্ষণে যুবকরা পালিয়ে যায়।”

উইলিয়ামস সোয়েটার্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, “যারা কারখানায় হামলা চালিয়েছে, তারা শ্রমিক না অন্য কেউ? এটা নিয়েও সন্দেহ আছে। তাদের পোশাক ও বয়স দেখে সেটাই প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

পলাশবাড়ী এলাকার স্কাইলাইন কারখানার শ্রমিক আরিফুর রহমান বলেন, “সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বহিরাগত ২০-২৫ জন লাঠিসোঁটা হাতে আমাদের কারখানায় প্রবেশ করে শ্রমিক পরিবহনের বাস ও ট্রাক ভাঙচুর করে।

তিনি আরও বলেন, “তাদের দেখে কারখানার শ্রমিক মনে হয়নি।”

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যারা অবরোধের নামে অপ্রীতিকর ঘটনা বা কারখানা অশান্ত করার চেষ্টা করছে আমরা খুঁজে বের করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মজুরি বৃদ্ধির দাবিতে তিনদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বেশ কিছু পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সকালেও বিক্ষোভ করেন তারা।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে।