নির্মাণাধীন ভবনে এইডিসের লার্ভা, তিনজনের জেল-জরিমানা
শহরের ঝিলটুলি ও নিলটুলি এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
ফরিদপুর শহরের বিভিন্ন নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এইডিস মশার লার্ভা পাওয়ায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান শহরের ঝিলটুলি ও নিলটুলি এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভবনগুলোর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনাযুক্ত পানিতে এইডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়ায় ভবন মালিক হেলাল চৌধুরীকে পাঁচদিন ও কেয়ারটেকার রুবেল হোসেনকে চারদিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে আরেক ভবনের কেয়ারকেটার মোতাহার হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. খায়রুজ্জামান জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ক্ষতিকর এই মশার বিস্তার ঠেকাতে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
