২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ঘরে নারীর হাত-পায়ের রগ কাটা মরদেহ

দুপুরে পোড়া গন্ধ পেয়ে নূরজাহানের বাড়ি গিয়ে প্রতিবেশীরা রান্নাঘরে চুলায় ভাতের পাতিল পুড়তে দেখেন।

নিজের ঘরে নারীর হাত-পায়ের রগ কাটা মরদেহ

নারায়ণগঞ্জের পাইকপাড়া আদর্শনগর থেকে নূরজাহান নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 09:18 PM

Updated : 03 May 2023, 09:18 PM

নারায়ণগঞ্জে নিজ ঘরে হাত-পায়ের রগ কাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ 

বুধবার বিকালে নগরীর পাইকপাড়া আদর্শনগরের একটি টিনশেড বাড়িতে মরদেহটি পাওয়া যায় বলে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান৷ 

ওসি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া আদর্শনগর এলাকার একটি টিনশেড বাড়িতে বাস করতেন নূরজাহান। একই বাড়িতে থাকতেন তার স্বামী, ছেলে ও ছেলের স্ত্রী। তবে ঘটনার সময় পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। 

নিহতের স্বামী রমজান মোল্লা পেশায় গাড়িচালক। তিনি জানান, সকালে তিনি ও তার ছেলে কাজে বেরিয়ে যান৷ পরীক্ষার জন্য বেরিয়ে যান ছেলের স্ত্রীও৷ দুপুরে প্রতিবেশীদের কাছে স্ত্রীর মৃত্যুর কথা শুনতে পান।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে পোড়া গন্ধ পেয়ে নূরজাহানের বাড়িতে গিয়ে প্রতিবেশীরা রান্নাঘরে চুলায় ভাতের পাতিল পুড়তে দেখতে পান৷ এরপর ঘরে ঢুকে নূরজাহানের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন তারা৷ 

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়৷ 

সদর মডেল থানার এসআই শিহাব আহমেদ বলেন, ‘নিহতের দুই হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালির রগ কাটা ছিল৷ মাথায়ও ধারালো কিছুর আঘাত দেখা গেছে।’ 

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের আলামত মিলেছে জানিয়ে ওসি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।