ঘোড়াশাল সার কারখানায় নিখোঁজ বৃদ্ধের লাশ, বিচ্ছিন্ন গোপনাঙ্গ
ওসি শাহেদ আল মামুন বলেন, নিহতের ছেলে তিনদিন আগে তার বাবার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা ছিল।
রোববার দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন
নিহত শাহজাহান তালুকদার (৭৫) উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে কারখানা এলাকার মন্দিরের পাশে কাজ করা অবস্থায় কয়েকজন ব্যক্তি অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়।
পরে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
ওসি শাহেদ আল মামুন বলেন, তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার ছেলে তিনদিন আগে বৃদ্ধের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছিল পরিবার।
ওসি আরও বলেন, নিহতের দুই হাত, পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৃদ্ধকে হত্যার পর হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে গেছে।
হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
