বিয়েবাড়ির আনন্দে বিষাদের ছায়া, পদ্মা থেকে ২ শিশুর লাশ উদ্ধার
একদিন আগে বিয়ের অনুষ্ঠানে এসেছিল সিয়াম ও সজীব।
রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুর ও বিকালে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় নদীতে নেমে তারা তলিয়ে যায়।
নিহতরা হলো- নগরীর চরশ্যামপুর এলাকার শুকুর আলী ছেলে ইমতিয়াক হোসেন সিয়াম (১২) এবং সাতবাড়িয়া এলাকার ইকবাল হোসেনের ছেলে সজীব হোসেন (১২)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দুপুর আড়াইটার দিকে প্রথমে সিয়ামের মরদেহ এবং বিকাল ৫টার দিকে সজীবের মরদেহ পাওয়া যায়।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার মায়ের সঙ্গে সিয়াম তার মামাত বোনের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। আর সজীব এসেছিল তার চাচাত বোনের বিয়েতে। শুক্রবার সবার অজান্তে তারা পদ্মায় গোসল করতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
খবর পেয়ে শুক্রবার সারাদিন ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুকে উদ্ধারে নদীতে অভিযান চালায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত না পেয়ে অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল ৬টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
নিহত সজীবের দাদি জোছনা বেগম বলেন, “বরযাত্রীদের জন্য রান্না হয়েছিল। তারা এসেছিলেন দুপুর ১২টার দিকে। খাওয়ার আগে দুই বাচ্চা ডুবে যাওয়ার খবর শুনে আর কেউ বিয়ে বাড়িতে দাঁড়ায়নি।
“বরযাত্রীরা খাওয়া-দাওয়া বাদ দিয়ে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মেয়ে নিয়ে চলে গেছেন। বিয়ে বাড়ি পরিণত হয়েছে বিষাদে।”
সিয়ামের মা সীমা বেগম জানান, কনের বাবা আশরাফ আলী তার মামাত ভাই। বিয়ের দাওয়াত পেয়ে তিনি ছেলেকে নিয়ে বৃহস্পতিবার এসেছিলেন।
