২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি: ডিনের মেয়াদ ২ বছর, নির্বাচন হয় না সাড়ে ৪ বছর

সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ১০ মে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 10:50 PM

Updated : 01 Jan 2023, 10:50 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ডিনের মেয়াদ দুই বছর হলেও সেখানে সাড়ে চার বছর ধরে নির্বাচন হচ্ছে না।

১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২৫ (৫) অনুযায়ী, মেয়াদ শেষ হলে পুনরায় ডিন নির্বাচন হবে; এরকম নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষদ রয়েছে ছয়টি। এগুলো হচ্ছে- কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদ। সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১০ মে।

এর মধ্যে নির্বাচিত মেয়াদোত্তীর্ণ ডিনদের মধ্যে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এখনও দায়িত্ব পালন করছেন। তার মেয়াদ ২০১৮ সালের মাঝামাঝি শেষ হয়েছে। বাকি পাঁচটি অনুষদে রয়েছেন ভারপ্রাপ্ত ডিন।

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি অংশ। অধ্যাদেশ অনুযায়ী, দুই বছর পর পর ডিন নির্বাচন হওয়া উচিত। এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অপরাধ কম হয়। সুতরাং অপরাধ যেন কম হয় সেজন্য ডিন নির্বাচনের পাশাপাশি অন্যান্য সকল গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।”

নতুন করে নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে কি-না জানতে চাইলে তিনি আরও বলেন, “কর্তৃপক্ষকে কখনও বলিনি। আমি নিজে যেহেতু কর্তৃপক্ষের অংশ তাই সরাসরি কর্তৃপক্ষকে ডিন নির্বাচনের ব্যাপারে কথা বলা শোভন না। তবে নির্বাচন হওয়া উচিত।”

দীর্ঘদিন ধরে ডিন নির্বাচন কেন হচ্ছে না- জানতে চাইলে জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিন নির্বাচন দেওয়ার এখতিয়ার রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য এসে যখন দেখেন নির্বাচন দিলে তার নিজের লোক থাকবেন না তখন আর নির্বাচন দেন না। অথচ অধ্যাদেশ অনুযায়ী এই নির্বাচন দুই বছর পর পর হওয়ার কথা।”

দুই বছরের বেশি চলে যাওয়ার পর কর্তৃপক্ষকে নির্বাচনের ব্যাপারে বলেছিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মেয়াদ শেষ হয়েছিল ২০১৮ সালের মে মাসেই। মেয়াদ শেষের পর তৎকালীন উপাচার্য ফারজানা ইসলামকে কয়েকবার নির্বাচন দেওয়ার বার্তা পৌঁছিয়েছি। কিন্তু ওই যে বললাম নিজেদের লোক! নিজেদের লোক থাকাতে ফারজানা ইসলামও নির্বাচন দেননি।”

“বর্তমানে অধ্যাপক নূরুল আলম উপাচার্য হিসেবে ছয় মাস অতিবাহিত করেছেন। অথচ উনিও এই নির্বাচন দিতে ব্যর্থ।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের ক্ষমতাকে নিরবচ্ছিন্ন রাখার জন্য মূলত কর্তৃপক্ষ হিসেবে যারা আসে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায় না। আর সেজন্যই ডিন নির্বাচন কর্তৃপক্ষ দিচ্ছে না। নির্বাচন ‍মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এজন্য প্রত্যেকটা পর্ষদের নির্বাচন হওয়া জরুরি।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেন বলেন, “শিক্ষক সমিতি চায় ডিন নির্বাচন হোক। শিক্ষক সমিতির পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির নির্বাচনও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।”

“এই নির্বাচনের পরই সংশ্লিষ্টদের সঙ্গে ডিন নির্বাচনের ব্যাপারে কথা বলব। অতি শিগগির ডিন নির্বাচন হবে বলে আশা করছি। এতে গণতান্ত্রিক চর্চাও অব্যাহত থাকবে।”