টেকনাফে বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজির শাপলা পাতা মাছ, ৭০ হাজারে বিক্রি
এটি স্টিংরে প্রজাতির মাছ বলে জানান টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ। পরে সেটি ৭০ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান ওই জেলে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
শাহ পরীর দ্বীপ দক্ষিণপাড়ার জেলে আবদুল আমিন জানান, বুধবার রাতে বড়শি নিয়ে নৌকায় করে তিনিসহ তিনজন সাগরে মাছ ধরতে যান।
ভোরে তার বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন বড় কোনো কোরাল হবে। ধীরে ধীরে বড়শি উপরে আনার পর দেখা যায় বিশাল আকারের শাপলা পাতা মাছটি।
বৃহস্পতিবার সকালে শাহ পরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে ২০ হাজার টাকা মণ দরে (১ মণ সমান ৩৭.৩২ কেজি) প্রায় ৭০ হাজার টাকায় মাছটি কেনেন টেকনাফের নুর মোহাম্মদ নামের এক মাছ ব্যবসায়ী।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এটি স্টিংরে প্রজাতির মাছ। যার বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা (Himantura Imbricata)।
ইংরেজি নাম ল্যাপার্ড স্টিংরে (Leopard Stingray)। এ প্রজাতির মাছ সমুদ্রের অগভীরে তলদেশ ঘেঁষে বিচরণ করে। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলা পাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। জেলেদের বিভিন্ন সভা-সেমিনারে এ মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয় বলে ওই মৎস কর্মকর্তা জানান।
