২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান কারাগারে

২০২০ সালের ১৬ জানুয়ারি ওই উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন জেলা যুবলীগের এক নেতা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 02:30 PM

Updated : 04 Mar 2024, 02:30 PM

ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ ৮ নম্বর আমলী আদালতের বিচারক একে রওশন জাহান এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান।

তিনি জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান আসামি আবুল কালাম আজাদ আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন। তবে বিচারক সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

মারধরের অভিযোগে করা মামলার বাদী হুমায়ুন কবির জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগ নেতা।

তিনি বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটূক্তির প্রতিবাদে ফেইসবুকে পোস্ট দিয়ে ছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ওই উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। ২২ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা দায়ের করি।”