বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
বুধবার রাতে উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার এসআই ছানোয়ার মিয়া।
নিহত ২২ বছর বয়সি আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই ছানোয়ার মিয়া বলেন, নোয়াপাড়া এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু তোলা হচ্ছিল। রাতে পাশ দিয়ে আশরাফুল মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ঝানজাইলের দিকে যাচ্ছিলেন।
এ সময় আরেকটি বালুবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আশরাফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
