পুলিশের গাড়ি ভাঙচুর: গাজীপুরে কলেজ অধ্যক্ষসহ পাঁচজন গ্রেপ্তার
মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গাজীপুরের নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশি হেফাজতে থাকার মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে সদর থানার এসআই উৎপল কুমার বাদী হয়ে পাঁচজনের নামে ভাঙচুরে ইন্ধন জোগানোর অভিযোগে মামলা করেন।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি জিয়াউল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর সালনা নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।
নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অন্যায় আচরণসহ নানা অভিযোগে এনে তারা পদত্যাগের দাবিতে কয়েকদনি ধরেই আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের বহনকারী পিকআপ গাড়িটি কলেজের মাঠে রাখে। একপর্যায়ে মহাসড়ক থেকে কিছু শিক্ষার্থী মাঠে থাকা পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছুড়ে এবং হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময়ে অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতার উসকানিতে বহিরাগতরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের পিকআপ ভাঙচুর করে।
ওসি জিয়াউল ইসলাম বলেন, মামলায় ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। পরে থানা হেফাজতে থাকা পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
“মামলায় অধ্যক্ষকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে। কারণ, ১ থেকে ৪ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানায়, এ ঘটনায় অধ্যক্ষেরও ইন্ধন রয়েছে।”
মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছিল, অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে মঙ্গলবার সকালে স্কুলের ভেতরে বহিরাগত মাস্তান দিয়ে আমাদের কলেজ শাখার এক বড় বোন ও বড় ভাইকে মারধর করেন তিনি। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে আমাদের স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।
এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে পুরোনো কাগজ বিক্রির টাকা তছরূপ, নিষেধাজ্ঞা সত্ত্বেও গাইড বই সিলেকশন করে টাকা নেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রনি অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিগত কমিটির কাছ থেকে নানা অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অবৈধভাবে কলেজের বেতন দ্বিগুণ-তিন গুণ বাড়িয়েছেন।
যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করেছেন।
আরও পড়ুন:
