নারায়ণগঞ্জে ৩ সন্তানের জননীকে ‘আটকে রেখে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
মামলা বলা হয়, উত্ত্যক্তের মাত্রা বেড়ে গেলে বাদী শ্বশুরবাড়ি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মা-বাবার কাছে চলে আসেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন সন্তানের জননীকে দুইদিন আটকে রেখে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, বৃহস্পতিবার রাতে ফতুল্লা রেললাইন বটতলা থেকে ওই যুবককে আটক করা হয়।
শুক্রবার সকালে ওই গৃহবধূ মামলা দায়ের করলে আটক যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার রঞ্জিত হাওলাদার (৩৫) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধাখালীর সঞ্জয় হাওলাদারের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়ি পটুয়াখালীতে। চলতি বছরের ২০ মার্চ তিনি অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় তার রক্তের প্রয়োজন হলে রক্তদান করা একটি সংগঠনের মাধ্যমে রঞ্জিত হাওলাদার বাদীকে রক্ত দেন। সেই সূত্রে রঞ্জিত বাদীর মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায়ই উত্ত্যক্ত করতেন।
মামলায় আরও বলা হয়, তার স্বামী কাজের সুবাদে যশোর থাকতেন। ওই যুবকের উত্ত্যক্তের মাত্রা বেড়ে গেলে বাদী সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় মা-বাবার কাছে চলে আসেন।
“গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকা থেকে বাদীকে কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় তুলে রেললাইন বটতলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় দুইদিন আটকে রেখে রঞ্জিত হাওলাদার বাদীকে একাধিকবার ধর্ষণ করেন।”
আদালতে হাজির করার পর রঞ্জিত হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
