দীর্ঘসূত্রতায় হারাবে আদালতে বিশ্বাস: প্রধান বিচারপতি
“বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও আদালতের কাছে বিচার না পান, তাহলে এক সময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারেন।”
আদালতে মামলা নিস্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বলেছেন, এভাবে চলতে থাকলে আদালতের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যেতে পারে।
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, বর্তমানে যত মামলা করা হচ্ছে, তার চেয়ে বেশি নিষ্পত্তি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আদালতে একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে।
বুধবার বিকালে টাঙ্গাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ৪০ লাখের বেশি। মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা বিরাজ করে। এসব মামলা নিষ্পত্তিতে বিচারকের সংখ্যা দুই হাজারের মতো।
প্রধান বিচারপতি মামলা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিয়ে বলেন, “মামলার জট আমাদের চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও আদালতের কাছে বিচার না পান, তাহলে এক সময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারেন।”
তিনি বলেন, “মামলা থাকবে, কিন্তু যাতে জট না হয়... সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করে যাচ্ছি আমরা। ২০২২ সাল থেকে আমাদের বিচারকরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।”
আদালতকে সাহায্য করতে আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের প্রতি অনুরোধও করেন তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান, বিশেষ জজ আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম সাউদ হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছারও এ সময় উপস্থিত ছিলেন।
