বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
পুলিশ বলছে, আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্য, এ ঘটনা ঘটেছে পঙ্কজ নাথ ও শাম্মী আহমেদের অনুসারীদের মধ্যে।
বরিশালের হিজলা উপজেলায় নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার রেমিডি মেডিকেল সার্ভিসেস নামের একটি হাসপাতালে এ সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন বলে হিজলা থানার ওসি জুবাইর আহমেদ জানিয়েছেন।
আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানালেও স্থানীয়দের ভাষ্য, বরিশাল-৪ আসনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও প্রার্থিতা বাতিল হওয়া শাম্মী আহমেদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন-হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আম্মান হাওলাদার, মাসুদ সিকদার, মো. আনিচ, বরকত সিকদার এবং বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদারের অনুসারী আলমগীর হাওলাদার, সোলায়মান হাওলাদার ও সোয়েব হাওলাদার।
তাদের মধ্যে এনায়েত পঙ্কজের ও হিরণ শাম্মীর অনুসারী বলে জানা গেছে।
এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী ছিল না। তাই আমরা স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পক্ষে কাজ করেছিলাম। এ জন্য মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা হওয়ায় শাম্মীর অনুসারীরা ক্ষুদ্ধ ছিল। দুপুরে রেমিডি মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে অন্তঃসত্ত্বা এক নারীর অস্ত্রপচারের জন্য রক্ত দিতে যায় আমার দলের মাসুদ সিকদার।
“সেখান থেকে বের হওয়ার পর হিরণ হাওলাদারের অনুসারী সোলায়মান, আলমগীর ও লোকমানের নেতৃত্বে ৬-৭ জন তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আমার ছেলে আম্মান সেখানে গেলে তার ওপরও হামলা করা হয়। পরে আনিচ ও বরকত সিকদারসহ ৬ থেকে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিরণ পাল্টা অভিযোগ তোলেন এনায়েতের অনুসারীদের বিরুদ্ধে।
হিরণ বলেন, “সোমবার হিজলা ডিগ্রি কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করে। আজকের হামলার ব্যাপারে আমি কিছু জানি না। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, দুই ভাই ও ভাতিজা গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছে।”
ওসি জুবাইর বলেন, দুই পক্ষের হামলায় সাতজন আহত হলেও কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
