২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলে যাওয়া জুতায় লুকানো ছিলো কোটি টাকার সোনা

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তিটি মোটরসাইকেল ও পায়ের জুতা খুলে ফেলে দৌঁড়ে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 05:59 PM

Updated : 20 Oct 2022, 06:23 PM

চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে; যেগুলো এক ‘পাচারকারী’র ফেলে যাওয়া জুতার মধ্যে লুকানো ছিলো বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় জব্দ করা এসব সোনার দাম এক কোটি আট লাখ আট হাজার ৪০০ টাকা বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক।

লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীন ফুলবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বাংলাদেশের বুইচিতলা গ্রামের কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৮৪ নম্বর মেইন পিলারের ১১৩ নম্বর সাব পিলারের কাছে মোটরসাইকেলে যাওয়া সন্দেহজনক এক ব্যক্তিকে ধাওয়া করে তারা।

কিন্তু বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তিটি মোটরসাইকেল ও পায়ের জুতা খুলে ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া জুতা তল্লাশি করে বিজিবি সদস্যরা বিশেষভাবে লুকিয়ে রাখা ১৩টি সোনার বার জব্দ করে। জব্দ করা এসব সোনার ওজন এক কেজি ৫১৫ দশমিক ৮৫ গ্রাম।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিজিবি ব্যাটলিয়নের পরিচালক আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ি গ্রামের আজমত আলীর ছেলে মিকাইল হোসেন (৩০)।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।