২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে ২৪ দিনে প্রাণ গেছে ১৩ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বরিশালে ডেঙ্গুতে ২৪ দিনে প্রাণ গেছে ১৩ জনের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 08:27 PM

Updated : 12 Aug 2023, 08:27 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ দিনে বিভিন্ন হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে; যাদের বেশির ভাগই নারী।

মাত্র ২৪ দিনে এ মৃত্যুকে অস্বাভাবিক ও ভয়ংকর বলে উল্লেখ করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

সবকিছুই দ্রুত সময়ের মধ্যে ঘটছে; সঠিক কোনও কারণ খুঁজে না পেলেও তিনটি কারণের মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে শ্যামল কৃষ্ণ জানান।

প্রথম ও প্রধান কারণ হিসেবে আক্রান্ত রোগীদের হাসপাতালে দেরিতে নিয়ে আসাকে দায়ী করে স্বাস্থ্য পরিচালক বলেন, “দেরি করে নিয়ে আসায় দ্রুত মারা যাচ্ছে রোগী। দ্বিতীয় কারণ হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং তৃতীয় কারণ হিসেবে অন্য কোনও রোগে আক্রান্ত থাকাকে দায়ী করা হচ্ছে।”

ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসাসহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন শ্যামল কৃষ্ণ।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ১৭ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার হাসপাতালগুলোতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী আট জন, দুই জন তরুণ ও তিন জন বৃদ্ধ।

মৃত নারীরা হলেন- হনুফা বেগম (৮০), অজুফা বেগম (৫৫), বকুল রানী (৭০), ফাতেমা বেগম (৭০), রাশিদা বেগম ৫০), সাহিদা বেগম (৫৫), জোসনা বেগম (৩৫) ও হাজের বেগম (৫০)।

বৃদ্ধরা হলেন- জালাল বেপারী (৭০), হরিপদ (৮৫) ও আব্দুর রহিম (৮০)। তরুণরা হলেন- ইমরান (২৪) ও সুমন (২২)।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ হাজার ২৩ জন ভর্তি হয়েছেন।

এর মধ্যে ৭ হাজার ৯১২ জন সুস্থ হয়েছেন; চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৩ জন। আর মারা গেছেন ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান এ স্বাস্থ্য পরিচালক।

আরও পড়ুন:

পুরনো খবর:

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯ জন
বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু