২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৌ ভাতের সকালে বরের ‘আত্মহত্যা’

বুধবার সকালে বরের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 12:59 AM

Updated : 08 Jun 2023, 01:15 AM

হিন্দু ধর্মীয় আচার মেনে দুদিন আগে ধুমধাম করে বিয়ে হয়েছে সিরাজগঞ্জের তরুণ-তরুণীর।

বুধবার ছিল বৌ-ভাত অনুষ্ঠান; যেদিন সকালে বরের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

নিহত লক্ষ্মণ বিশ্বাস (২৫) শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ঝাউপাড়ার হারাণ বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় বিয়েবাড়িসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মণের বড় ভাই শরৎ চন্দ্র বলেন, সোমবার তাড়াশ উপজেলার প্রীতি রানীর সঙ্গে লক্ষ্মণের বিয়ে হয়। মঙ্গলবার বর-কনে বাড়ি আসেন। বুধবার বৌ-ভাত এবং নবদম্পতির বাসর রাত হওয়ার কথা ছিল।

“বৌ-ভাতে প্রায় ৩শ লোককে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু সকালে নতুন বউ ঘর থেকে বের হওয়ার সুযোগে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন লক্ষ্মণ।”

তবে তিনি কেন আত্মহত্যা করেন তা জানাতে পারেননি তিনি।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, নববিবাহিত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

‘আত্মহত্যার’ কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান ওসি।