০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় ব্যাটারি রিকশা উধাও, বিপাকে মানুষ

লিফলেটে লেখা, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”

ঢাকায় ব্যাটারি রিকশা উধাও, বিপাকে মানুষ

সকালের মানিক মিয়া অ্যাভেনিউ; যাত্রীর জন্য এখানে ব্যাটারি রিকশার জটলা থাকে। সোমবার সকালে কেবল পায়ে টানা রিকশা ও মোটরসাইকেল চালকরা অপেক্ষামাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 08:50 AM

Updated : 09 Nov 2026, 08:50 AM

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন ঢাকার সড়ক থেকে প্রায় উধাও হয়ে গেছে ব্যাটারি রিকশা।

সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে একটি শ্রমিক সমাবেশে যোগ দিতে চালকদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় চলতি রিকশাগুলোকে আটকে চালকদের সমাবেশে যেতে জোরাজুরি করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিন ছুটির পর সোমবার খুলেছে। সকালের ঢাকায় রিকশার অপেক্ষায় থাকা স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন বিপাকে।

সকালে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় দেখা যায়, পথ চলতি রিকশাগুলোকে আটকে দিচ্ছেন কয়েকজন। যাত্রী নামিয়ে দিয়ে রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিতে বলা হচ্ছে চালকদের। তাদের ‘অবশ্যই’ সমাবেশে যোগ দিতে বলা হচ্ছে।

বছিলা এলাকার রিকশাচালক ইব্রাহিম বলছেন, সোমবারের সমাবেশ উপলক্ষে দুদিন ধরে এলাকায় মাইকিং হয়েছে, গ্যারেজে গ্যারেজে লিফলেটও বিলি করা হয়েছে।

তিনি পকেট থেকে বের করে একটি লিফলেটও দেখান।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে তাদের।

লিফলেটে লেখা, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলছেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি রয়েছে।

“এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরকে আমরা আহ্বান করেছি।”