নওগাঁয় বাঁশঝাড় থেকে তরুণের লাশ উদ্ধার, পাওয়া যায়নি তার অটোভ্যান
সিয়াম লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দেন বাবা নজরুল ইসলাম।
নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাটারিচালিত ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
শুক্রবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মান্দা থানার ওসি আফজাল হোসেন।
নিহত সিয়াম হোসেন (২০) উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নজরুল ইসলাম বলেন, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দেন। বৃহস্পতিবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম।
কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে সকালে ছেলের মৃত্যুর খবর পান। শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা।
নজরুল ইসলামের অভিযোগ, তার ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ওসি আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
