জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
নিহতরা একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত বলে পুলিশের প্রাথমিক ধারণা।
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন।
নিহতরা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ী এলাকার নারায়ণ চন্দ্র বর্মনের ছেলে চঞ্চল বর্মন (৩২), জামালপুর সদর উপজেলার শ্রীপুরের হানিফ উদ্দিনের ছেলে ও পিকআপ চালক কাজল (৩৫) এবং জামালপুর সদরের বিয়ারা পলাশতলা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহ আলম (৩৫)।
নিহতরা একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত ছিল বলে পুলিশ জানিয়েছে।
ওসি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে নারায়ণগঞ্জ থেকে মেলান্দহগামী লবণ বোঝাই একটি ট্রাক ও মেলান্দহ থেকে জামালপুরগামী পিকআপ ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ট্রাক ও পিকআপটি আটক করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে জানান ওসি।
