২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর কারাদণ্ড

এপিপি জানান, স্বামীর প্ররোচনায় ২০১৩ সালে বিষ খেয়ে আত্মহত্যা করেন খোদেজা।

ফেনীতে আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর কারাদণ্ড

ফেনী জেলা জজ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 06:20 PM

Updated : 16 Aug 2023, 06:20 PM

ফেনীতে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির উপস্থিতিতে এর রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বীজেন্দ্র কুমার কংস বণিক।

দণ্ডিত আহাসান উল্লাহ (৫০) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি দ্বীজেন্দ্র কুমার বলেন, বিয়ের পর থেকে আহাসান তার স্ত্রী খোদেজা বেগমকে নির্যাতন করতেন। কথায় কথায় বিষ খেয়ে মরার জন্য প্ররোচনা দিতেন।

তার ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর খোদেজা বিষ খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বোন ছায়েরা খাতুন বাদী হয়ে আহাসানকে আসামি আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ওই বছরের ৮ অক্টোবর দাগনভূঞা থানা মামলাটি গ্রহণ করেন।

ওই সময়ে থানার এসআই মো. আনিছুল হক সরকারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

তদন্ত শেষে ২০১৪ সালের ২২ মার্চ আহাসানকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০১৫ সালে ৬ এপ্রিল আদালত অভিযোগ গঠন করে। সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।