গাজীপুরে ঝুট গুদামে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় সেটি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পায়।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। এরপর কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুই ঘণ্টা পর ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ১০টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।
উপ-সহকারী পরিচালক আরেফিন আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
