০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

গাজীপুর পোশাক কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:02 PM

Updated : 03 Oct 2026, 07:12 PM

গাজীপুর মহানগরীর তৈরি পোশাক কারখানায় লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা এখন আগুন নির্বাপনে কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, সাত তলা কারখানা ভবনটির তিন তলায় আগুন লাগে। ভবন থেকে এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা, কারখানার নিজস্ব অগ্নি-নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, “এখনও আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন। নির্বাপন করতে একটু সময় লাগবে। যেহেতু এখানে ফেব্রিক্সের গুদাম, সেগুলো সরাতে হবে। সরিয়ে সরিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপন করতে হবে।”

কোনো হতাহত আছে কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, কারখানায় কোনো ত্রুটি ছিল কিনা তা বিস্তারিত খোঁজ নিয়ে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।