শিক্ষার্থীকে মাদক দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’, পরে ‘ক্ষমা চাইলেন’ এসআই
রাজবাড়ীর পুলিশ সুপার বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে।
রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। পরে তিনি ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইছেন- এমনটি দেখা গেছে এক ভিডিওতে।
রোববার গভীর রাতের এ ঘটনায় ওই শিক্ষার্থী সোমবার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলেও এসআই তা অস্বীকার করেছেন।
অভিযোগকারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার মো. রইস উদ্দিন বাবুর ছেলে রিফায়াত ইবনে রইস আরাফ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার রাজবাড়ী পুলিশ সুপার জি এম আব্দুল কালাম আজাদ বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী আরাফ বলেন, তার বড় ভাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াসাত ইবনে রইস সামিট শিক্ষাসফরে ঢাকার বাইরে গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি রাজবাড়ী চলে আসেন। রাত ১২টা ৪০ মিনিটে তিনি শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে নামেন।
“মোটরসাইকেলে করে বড় ভাইকে বাসায় নিয়ে আসেন আরাফ। কিন্তু বাসায় পৌঁছার পর সামিট জানায়, তিনি তার ল্যাপটপ ও একটি ব্যাগ বাসস্ট্যান্ডে ফেলে এসেছেন। তখন আরাফ আবার বাসস্ট্যান্ডে এসে সেই ব্যাগ ও ল্যাপটপ নিয়ে ফিরছিলেন।
“রাজবাড়ী ইয়াসিন স্কুল সংলগ্ন ২ নম্বর রেল গেইট এলাকায় কয়েকজন পুলিশ সদস্য তাকে আটকান এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেখানে তখন শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ির এসআই আসিফ আহমেদসহ দুজন কনস্টেবল ছিলেন।
আরাফ অভিযোগ করে বলেন, “জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এসআই আসিফ আহমেদ আমার শার্টের কলার ধরে ইয়াবা ব্যবসায়ী বলে সম্বোধন করে এলোপাতাড়ি মারধর করেন। পরে আমার পকেটে কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন আমি বাঁধা দেই।
“পরে আমাকে বাসায় ফোন দিয়ে টাকা আনতে বলেন। তখন আমার পরিবারের লোকজন সেখানে আসেন এবং আশপাশের কয়েকজন জড়ো হন। তখন তিনি ঘটনাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন। এবং আমাকে ছেড়ে দেন। আমরা বাসায় চলে আসি।
আরাফ বলেন, “ভোর ৫টার দিকে এসআই আমাদের বাসায় আসেন এবং আমাদের সরি বলে হাত জোড় করে ক্ষমা চান।”
এ সময় এসআই আসিফ এ ঘটনা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেন এবং পদক্ষেপ নিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী আরাফ।
এসআই আসিফ বাসায় যাওয়ার পর পরিবারের কেউ একজন মোবাইল দিয়ে ঘটনাটি ভিডিও করেন। সেই ভিডিওটি সংবাদকর্মীরাও পেয়েছেন।
ভিডিওতে দেখা যায়, এসআই আসিফ বাসায় দাঁড়িয়ে আছেন। তখন বিশ্ববিদ্যালয় ছাত্র সামিট তাকে বলেন, কেন আপনি এত রাতে বাসায় এসেছেন? তখন এসআই বলেন, সরি বলার জন্য এসেছি।
তখন সামিট বলেন, যে ঘটনা ঘটিয়েছেন সেটার জন্য। তখন এসআই কোনো কথা না বলে হাত জোড় করে ক্ষমা চান।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই আসিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। এমনকি হাত জোড় করে ক্ষমা চাওয়াটাও মিথ্যা।”
