২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: ময়নাতদন্ত ছাড়াই ১৪ মরদেহ হস্তান্তর

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: ময়নাতদন্ত ছাড়াই ১৪ মরদেহ হস্তান্তর

ময়নাতদন্ত ছাড়াই সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 07:48 PM

Updated : 07 Jun 2023, 07:58 PM

সিলেটের দক্ষিণ সুরমায় মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৪ নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকালে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় মোটরযান আইনে মামলা হয়েছে বলে জানান দক্ষিণ সুরমা থানা ওসি মো. শামসুদ্দোহা।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, “নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।“

এ ছাড়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।

সড়ক দুর্ঘটনায় আহতের দেখতে হাসপাতালে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সমবেদনা জানান।

নিহতের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।

ওসমানী হাসপাতালে ভর্তি আহত পল্লব আহমদ (২৫) সাংবাদিকদের বলেন, “ঢাকার দিক থেকে আসা ট্রাকটি যখন ডান পাশে এসে আমাদের পিকআপটিকে ধাক্কা দেয় তখন খুব জোরে শব্দ হয়। ট্রাকটি দ্রুতবেগে আসছিল। মনে হয়, চালক ঘুমিয়ে গিয়েছিলেন। ধাক্কা খেয়ে আমাদের পিকআপটি উল্টে যায়। আমি মাথায় আঘাত পাই। এরপর আর কিছু মনে নেই।”

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে দুর্ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভর্তির পর আরও তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিলেটে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: ছেলের জন্য পাত্রী দেখে রেখেছিলেন সৌরভের মা
সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১৪