১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

কুমিল্লার দুই পুলিশকে ফেরত দিল বিএসএফ

তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 02:35 PM

Updated : 16 Oct 2026, 02:52 PM

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের (৪৯ ব্যাটালিয়ন) মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ আটক এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বৈঠকে অংশ নেওয়া দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের এএসপি মো. শাহিনও দুই পুলিশ সদস্যকে ফেরত পাওয়ার কথা জানিয়েছেন।

বৈঠকে অংশ নেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন, শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেনের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্য ইমরান ও রোহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন।

এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলার লাগোয়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান।

পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে তারা ‘ভুলবশত’ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন বলে ভাষ্য ওসি ফারুকের।

কুমিল্লায় ‘মাদক কারবারি’ ধরতে সীমান্ত পার, ভারতে আটক ২ পুলিশ