ঝিনাইদহের ছাত্রলীগের ৩ জনকে পরিকল্পিত হত্যার অভিযোগ
সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি মানববন্ধন থেকে।
ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় সরকারি ভেটেরিনারি কলেজের দুই ছাত্র আহত এবং ধাওয়ার সময় পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ, তৌহিদ হাসান ও সমরেশ বিশ্বাসের নিহত হওয়ার ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কলেজের সাধারণ শিক্ষার্থী, নিহত ও আহতদের পরিবারের আয়োজনে এই মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
মানববন্ধনে আহত কলেজের জিএস সাজিদুল হাসান সাজিদ, নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, স্ত্রী সুমি খাতুনসহ অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, গত ৭ অক্টোবর রাতে দুর্ঘটনায় নয়, বরং পরিকল্পিতভাবে শিক্ষার্থী মুরাদ, তৌহিদ ও সমরেশকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তারা।
বুধবার বিকালে নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত করে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস।
মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দানের জন্য পিবিআইকে আদেশ দেন আদালত।
আরও পড়ুন
