২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা, সন্তান নিয়ে উধাও স্বামী

“ধারণা করা হচ্ছে, বটি অথবা দা দিয়ে জবাই করা হয়েছে।”

পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা, সন্তান নিয়ে উধাও স্বামী

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 05:36 PM

Updated : 21 Jun 2023, 10:38 AM

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক নারী তৈরি পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও তিন বছরের সন্তানকে খোঁজে পাচ্ছে না পুলিশ।  

মঙ্গলবার সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই আবুল হোসেন।

নিহত শিমু আক্তার (২১) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে। তার স্বামী ফারুক হোসেন একই গ্রামের তৈয়েবর মিয়ার ছেলে।

স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

এসআই আবুল হোসেন বলেন, একই বাসায় নিহত নারীর আরও দুই বোন এবং খালা-খালু বসবাস করেন। সোমবার মধ্যরাতে স্বামী ফারুককে নিয়ে নিজের ঘরে চলে যান শিমু। সকালে এক বোন তাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে আটকানো।

“পরে তিনি দরজা খুলে ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন দেখতে পান। কিন্তু ঘরে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর গলাকাটা লাশ দেখে চিৎকার দিয়ে উঠেন।

এসআই আরও বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বটি অথবা দা দিয়ে জবাই করা হয়েছে।”

ফারুককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।