সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের চামড়া উদ্ধার, আটক ৩
পরবর্তীতে আসামি ও বাঘের চামড়াসহ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব জানিয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে রয়েল বেঙ্গল টাইগারের একটি চামড়া উদ্ধারসহ তিনজন আটক হয়েছেন, যাদের পাচারকারী বলছে র্যাব।
সোমবার বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন ধলপাড়া গ্রামের হাফিজুর রহমান (৪৩) এবং তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেন (২৩)।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার গালিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবতীয় প্রক্রিয়া শেষে পরবর্তীতে আসামি ও বাঘের চামড়াসহ র্যাব-৬ খুলনার ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
এ কাজে আরও কারা কারা কীভাবে জড়িত সব বের করা হবে বলে তিনি জানান।
গালিব হোসেন জানান, র্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করেন।
“শর্ত মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদে পেতে সোমবার এ চক্রের সদস্যদের আটক করা হয়। আটকদের সঙ্গে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে বাঘের চামড়া উদ্ধার করা হয়।”
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “আমরা এখনও অফিসিয়ালি জানতে পারিনি; তবে শুনেছি র্যাব অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া উদ্ধারসহ তিন পাঁচারকারীকে আটক করেছে।”
