ডিলার না হয়েও ৪০০ বস্তা সার ক্রয়, ৩০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুরের কাজীরহাট বন্দরের এক ব্যবসায়ীর কেনা ৪০০ বস্তা বাংলা ডিএপি সার জব্দ করে সরকারি দামে বিক্রির নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
ডিলার না হয়েও ৪০০ বস্তা সার ক্রয় করায় শরীয়তপুরের জাজিরায় এক মসলা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ওই সার সরকারি দরে বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ সোহেল এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, জাজিরা উপজেলার কাজীরহাট বন্দরের মসলা ব্যবসায়ী সোহাগ মাদবর (৩৫) বিএডিসি ও বিসিআইসির অনুমোদিত ডিলার না হয়েও ৪০০ বস্তা বাংলা ডিএপি সার কিনে ট্রাকে করে কাজীরহাট বন্দরে আনেন। এ বিষয়ে স্থানীয় ডিলারদের অভিযোগ পেয়ে জাজিরার ইউএনও তানভীর আহাম্মেদ সোহেল অভিযান চালান।
এ সময় অবৈধভাবে সার কেনার দায়ে সোহাগ মাদবরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৪০০ বস্তা সার জব্দ করে সেগুলো সরকারি দামে ডিলারদের মাঝে বিতরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ব্যবসায়ী সোহাগ মাদবর বলেন, “প্রতি বস্তা সারের বাজার দর এক হাজার ৪০০ টাকা। আমি ১ হাজার ৩২০ টাকা করে ৪০০ বস্তা সার কিনি। এখন সরকারি মূল্যে সারগুলো ৮০০ টাকা করে ডিলারদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ইউএনও।
ইউএনও তানভীর আহাম্মেদ বলেন, “সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে সার কেনার দায়ে কাজীরহাট বন্দরের ব্যবসায়ী সোহাগ মাদবরকে ৩০ হাজার টাকা জরিমানা ও তার সারগুলো ডিলারদের মাঝে সরকারি দামে বিক্রির নিদের্শ দিয়েছি।”
