২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ পেয়েও আমার খুশি লাগছে না: গুলিতে নিহত কাজলের মেয়ে

নারায়ণগঞ্জে নিহত শফিউল আলম কাজলের বড় মেয়ে নুসরাতের ভবিষ্যতে ইচ্ছা বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে কাজ করার।

জিপিএ-৫ পেয়েও আমার খুশি লাগছে না: গুলিতে নিহত কাজলের মেয়ে

শফিউল আলম কাজলের বড় মেয়ে নুসরাত জাহান শ্রাবণ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 12:56 PM

Updated : 09 Feb 2023, 03:30 PM

উচ্চ মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফলাফল পেলেও মনে আনন্দ নেই নুসরাত জাহান শ্রাবণের৷ কারণ এমন সাফল্যে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হতেন তিনিই আর এ পৃথিবীতে নেই৷ 

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া এই শিক্ষার্থী বলেন, “আমার কেনো যেন খুশি লাগতেছে না৷ জিপিএ-৫ না পেলেও আমার ততটা দুঃখ লাগতো না যতটা বাবাকে না জানাতে পেরে লাগতেছে৷ এখন ভালো রেজাল্ট করেও বাবাকে জানাতে না পারার কষ্টটাই আছে মনে৷”

পরীক্ষার ফল প্রকাশের একদিন আগেই বাবা শফিউল আলম কাজলকে হারিয়েছে নুসরাত। ৪৭ বছর বয়সী কাজল ছিলেন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার ‘সুলতান ভাই কাচ্চি' রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার।

রেস্তোরাঁ মালিক ও ভবন মালিকের দ্বন্দ্বে রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি। 

বুধবার দুপুরে এক সহপাঠীর ফোনে নিজের জিপিএ-৫ পাবার খবর পান নুসরাত। নুসরাত বলেন, “রেজাল্টের প্রথম খবরটা বাবাকে দেবো বলে ভেবে রেখেছিলাম৷ বাবা থাকলে নিজেই বের করে দিতো রেজাল্ট৷ কিন্তু তা তো করতে পারলাম না৷ আম্মুকে জানালাম, তিনি বাকি আত্মীয়-স্বজনকে জানিয়েছেন৷” 

মাধ্যমিকে অল্পের জন্য জিপিএ-৫ মিস হওয়া নুসরাত বলেন,  “বাবা তখন দুঃখ পেয়েছিলেন, কিন্তু বুঝতে দেননি৷ আমাকে মানসিকভাবে সাহস দেন৷ বাবাকে তখন বলেছিলাম, চিন্তা করো না এইচএসসিতে অবশ্যই জিপিএ-৫ পাবো৷ আজ আমার রেজাল্টে সবচেয়ে বেশি খুশি হতেন বাবা৷ কিন্তু তাকে এই খবরটা জানাতেও পারছি না৷’ 

ভবিষ্যতে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে কাজ করার ইচ্ছা নুসরাতের। ১৮ বছর বয়সী এ তরুণী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান৷

বাবার অনাকাঙ্খিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না নুসরাত৷ তিনি বলেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছে না৷ আমি বুঝতেও পারতেছি না কী বলবো৷ ব্যাপারটা তো এমন না যে বাবা কোনো অসুখে ভুগতেছিলেন৷ কীভাবে তার অভাবটা মেনে নেবো তাও বুঝতে পারতেছি না৷”

নুসরাত জানান, শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তার মা৷ মানসিকভাবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছেন৷ তবে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোটবোন তাসনিয়া তারান্নুম ইকরা একেবারে চুপচাপ হয়ে গেছে৷ ১১ বছরের তাসনিয়া কারও সাথে কোনো কথা বলছে না৷ একা ঘরে বসে থাকে৷ 

Image

দুই মেয়ের সঙ্গে কাজল।

রোববার রাতে ‘সুলতান ভাই কাচ্চি' নামে রেস্তোরাঁর সামনে সড়কের ফুটপাতের উপর গুলিবিদ্ধ হন শফিউল আলম কাজল। 

প্রত্যক্ষদর্শী রেস্তোঁরার কর্মকর্তা-কর্মচারীরা জানান, পানি ও বিদ্যুতের বিল নিয়ে যে ভবনে রেস্তোরাঁটি অবস্থিত তার মালিকের সঙ্গে তাদের মালিকের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তর্কের এক পর্যায়ে রোববার রাতে ভবনের মালিক আজহার তালুকদার হাতে একটি পিস্তল ও একটি শটগান নিয়ে আসেন।

পরে ওই পিস্তল ও শটগান দিয়ে একাধিক গুলি ছোড়েন। এই সময় গুলিবিদ্ধ হন কাজল। প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয় হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার রাত পৌনে ১১টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজল। 

এ ঘটনায় সোমবার সকালে রেস্তোরাঁ মালিক শুক্কুর আলী বাদী হয়ে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ। 

নায়ারণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি হত্যার চেষ্টার অভিযোগে করা হলেও যেহেতু ভিক্টিম মারা গেছেন, এটি এখন হত্যা মামলা হিসেবেই তদন্ত করা হবে।

আজহার তালুকদারের নামে লাইসেন্স করা একটি পিস্তল ও একটি বন্দুক রয়েছে। অস্ত্র দুটি পুলিশ জব্দ করেছে বলেও জানান ওসি। 

আরও পড়ুন

পুরনো খবর:

‘আমার স্বামীর কোনো অপরাধ ছিল না, অযথাই মাইরা ফেললো’
গুলিতে রেস্তোরাঁ ম্যানেজারের মৃত্যু: বাবা-ছেলে রিমান্ডে
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ সেই রেস্তোরাঁর মহাব্যবস্থাপক মারা গেছেন
রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি: বাবা, ছেলে কারাগারে
নারায়ণগঞ্জে রেস্তোরাঁর মহাব্যবস্থাপকের দুই পায়ে ‘ভবন মালিকের গুলি’