সিলেট সীমান্তে গুলিতে যুবক নিহত
বিছনাকান্দি সীমান্ত হয়ে ওই যুবক ভারতে প্রবেশ করলে খাসিয়া পাহারাদার তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানায় পুলিশ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবক নিহতের খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় বিছনাকান্দিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
নিহত ৩০ বছর বয়সি কাওছার আহমেদ বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
শনিবার সন্ধ্যায় পরিদর্শক মেহেদী বলেন, “বিছনাকান্দি সীমান্ত হয়ে কাওছার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে খাসিয়া পাহারাদার তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় কাওছার বাংলাদেশে এসে মৃত্যুবরণ করেন।”
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে; এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
