কুমিল্লায় শিশুর মাথা কেটে খুন: ১৬ বছর পর দুজনের যাবজ্জীবন
২০০৭ সালের ১ জুলাই নারায়ণগসার এলাকার হাবিল মিয়ার ছেলে রমজান আলী খেলাধুলা করতে বের হয়ে নিখোঁজ হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
হত্যাকাণ্ডের ১৬ বছর পর রোববার বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণগসার গ্রামের গাজী বাড়ির আইয়ুব আলী এবং কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূঁইয়া বাড়ির মো. আজহারুল ইসলাম রিপন। আজহারুল পলাতক আছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০০৭ সালের ১ জুলাই নারায়ণগসার এলাকার হাবিল মিয়ার ছেলে শিশু রমজান আলী খেলাধুলা করতে বের হয়ে নিখোঁজ হয়। ৩ জুলাই বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট পাওয়ার হাউজ এলাকায় শিশুটির মাথা ও শরীর আলাদা অবস্থায় উদ্ধার করে স্বজনরা।
সেদিন হাবিল মিয়া তার চাচাতো ভাই আইয়ুব আলী এবং একই এলাকার মাসুমকে আসামি করে হত্যা মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস আসামি হিসেবে ২০০৭ সালে অগাস্ট মাসে আজহারুল ইসলাম রিপন ও রনি নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে আজহারুল ইসলাম রিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা চলাকালে রিপন জামিন নিয়ে পলাতক হন।
আইনজীবী জাকির হোসেন বলেন, বিচারক দুইজনকে যাবজ্জীবন ছাড়াও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। বাকি দুজনকে খালাস দিয়েছেন।
