ভেজাল গুড়: ২ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
এ সময় ৯ হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রির অপরাধে নাটোরের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় ভেজাল বিরোধী যৌথ অভিযান চালানো হয়।
এ সময় ৯ হাজার কেজি ভেজাল গুড় এবং ১৮ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান।
তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে চাঁচকৈড় বাজার এলাকার মেসার্স ভাই ভাই গুড় কারখানার মালিক মো. দেলোয়ার হোসেনকে ১ লাখ এবং মেসার্স আজিজ সোনার গুড় কারখানার মালিক মো. সুজন সোনাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”
জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানান।
স্থানীয়রা জানান, এই গুড় ব্যবসায়ীরা খেজুরের গুড়ের মৌসুমে ভেজাল চিনির রস ব্যবহার করে খারাপ এবং নিম্নমানের গুড় তৈরি করে।
নাটোর র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মো. ফরহাদ হোসেন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশে জব্দ করা ভেজাল গুড় ও চিনির সিরাপ ধ্বংস করা হয়েছে।
