জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় গেল গ্রাম পুলিশের প্রাণ
হামিদুল ছেলেকে নিয়ে ইট কেনার জন্য ভ্যান চড়ে ভাটায় যাচ্ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে জয়পুরহাটের পাকারমাথা মোড়ে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহত হামিদুল (৪৫) ইসলাম জেলার কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি ওই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সিরাজুল জানান, হামিদুল ছেলেকে নিয়ে ইট কেনার জন্য বাড়ি থেকে ভ্যান চড়ে একটি ভাটায় যাচ্ছিলেন। ভ্যানটি তার ছেলে চালাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে হামিদুল ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।”
ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
