শেরপুরে জুলহাস হত্যায় ২ জনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে জুলহাস উদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাসের রায়ও দেন তিনি।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের বাবুল মিয়া (৩৫) ও মনু চোরা (৫৭)।
একই সঙ্গে সাজাপ্রাপ্ত দু’জনকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু।
মামলার নথির বরাতে অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর উপজেলার তোয়ালকুচি গ্রামে সরকারি রাস্তার মাটি ভরাটের কাজ শুরু হলে আসামি বাবুল মিয়া ও মনু চোরা গংরা তাতে বাধা প্রদান করে।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ১০টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জুলহাস উদ্দিনকে মারপিট করে জখম করে। এ সময় আশেপাশের লোকজন জুলহাসকে রক্ষায় এগিয়ে গেলে আসামিরা তাদেরও মারপিট করে।
পরে গুরুতর আহত অবস্থায় জুলহাসকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন নিহত জুলহাসের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে জামালপুর জেলা পিবিআইর পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন ২০১৯ সালের ১৮ অগাস্ট আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
এ মামলার বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি ইমাম।
