২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ‘হামলা-গুলি’

বিএনপি নেতার ভাষ্য, ৩০-৩৫ জন লোক প্রথমে বাড়ির বাইরের বৈদ্যুতিক বাতিগুলো ভেঙে ফেলে; পরে দরজা ও জানালার কাচ ভাঙচুর করে৷

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ‘হামলা-গুলি’

বাড়ির কাচ ভাংচুর করে হামলাকারীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:44 PM

Updated : 19 Apr 2023, 02:49 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতা ও তার এক স্বজনের বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে৷

সোমবার গভীর রাতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ করেন বিএনপি নেতা বাবুল সিকদার।

বাবুল রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক৷ তিনি পরিবার নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের থাকেন৷ এর অল্প দূরে রয়েছে তার বোনের বাড়ি৷

বাবুল সিকদারের অভিযোগ, মধ্যরাতে পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমি ভূঁইয়াসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল মিছিল নিয়ে এ হামলায় অংশ নেন৷ তারা প্রথমে বাড়ির বাইরের বৈদ্যুতিক বাতিগুলো ভেঙে ফেলেন, দরজা, জানালার কাচ ভাঙচুর করেন৷

Image

বাড়ির কাচ ভাংচুর করে হামলাকারীরা

তিনি বলেন, শব্দ পেয়ে বাড়ির ভাড়াটিয়ারা বেরিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে এবং কেউ এগিয়ে গেলে গুলি করা হবে বলে হুমকি দেন৷

বাবুল বলেন, “আমি যেন বিএনপির রাজনীতির সাথে না থাকি এমন হুমকি দিয়ে মিছিল করতে করতে তারা বেরিয়ে যায়৷ পরে শুনতে পাই আমার বোনের বাড়িতেও তারা একইভাবে ভাঙচুর করেছে৷ আমার বোনের বাড়ির কেউ বিএনপির রাজনীতির সাথে যুক্ত না৷”

পুলিশে কোনো অভিযোগ জানিয়েছেন কিনা জানতে চাইলে বাবুল বলেন, “থানায় গিয়ে লাভ হয় না৷ অতীতে থানায় গিয়ে উল্টো হয়রানির শিকার হয়েছি৷”

এদিকে গত সোমবার মধ্যরাতে সাবেক ছাত্রলীগ নেতা এমি ভূঁইয়া তার ফেইসবুক একাউন্টে একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করেন৷

Image

ঘটনাস্থলে পড়ে থাকা গুলির খোসা

তিনি ক্যাপশনে লেখেন, ‘একটু নমুনা দেখালাম আমরা আওয়ামী লীগ’৷

তার আপলোড করা ভিডিওতে মিছিল দেখা যায়৷ মিছিল থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়৷

জানতে চাইলে এমি ভূঁইয়া বলেন, “বিএনপির লোকজন নাশকতার চেষ্টা করছে খবর পেয়ে আমরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা মাঠে নামি তাদের প্রতিহত করতে৷”

তবে বিএনপি নেতা ও তার বোনের বাড়িতে হামলার অভিযোগ তিনি অস্বীকার করেন৷

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, হামলা ও গুলি চালানোর কোনো অভিযোগ তারা পাননি৷ তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন৷