পাবনায় এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে এই মামলা করে দুদক।
পাবনায় এক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক জানান, পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হক বাদী হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আয়ের অভিযোগে পৃথক দুটি মামলা করেন।
পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ (৪৮) এবং তার স্ত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার নথির বরাত দিয়ে দুদকের উপ-পরিচালক খায়রুল হক বলেন, শেখ রাসেল আলী মাসুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠিত হওয়ায় তাকে গত ২৩ মার্চ সম্পদ বিবরণী জমার নির্দেশ দেয় দুদক।
তিনি বলেন, “নির্দেশনা ফরম গ্রহণ করলেও তিনি নির্ধারিত ২১ দিন সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না করায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
“একই সঙ্গে অভিযোগ পর্যালোচনায় দেখা গেছে, শেখ রাসেল আলী মাসুদ নিজ নামে দুই কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪ টাকার সম্পদ অর্জন করেছেন, এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় এক কোটি ৯ লাখ ২০ হাজার ৭০৫ টাকা।”
খায়রুল হক বলেন, “মাসুদ এক কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।”
জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক বলেন, অন্যদিকে শেখ রাসেল আলী মাসুদের স্ত্রী নাসরিন আক্তারকে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭ লাখ দুই হাজার টাকার সম্পদ অর্জনের বিপরীতে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেয় দুদক। কিন্তু তা জমা করেননি তিনি। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে।
ফলে তাদের উভয়ের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
খায়রুল হক আরও বলেন, “দীর্ঘ তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে মামলা দায়ের হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে নিজের ও স্ত্রীর দুদকের মামলার বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন শেখ রাসেল আলী মাসুদ।
তিনি বলেন, “সামাজিকভাবে হেয় করতেই রাজনৈতিক প্রতিপক্ষরা দুদকে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করিয়েছে। আমি আইনগত ভাবেই বিষয়টি মোকাবিলা করব।”
