২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাফর পানাহির ফের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ

পানাহির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়।

জাফর পানাহির ফের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ

ইরানি নির্মাতা জাফর পানাহি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 04:46 PM

Updated : 29 Oct 2026, 04:46 PM

ইরানের চলচ্চিত্রনির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত; তার সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি ইরানের সংবাদমাধ্যম 'এমতেদাদকে’ এ তথ্য দিয়েছেন বলে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

মোস্তফা নিলি বলেন, ৬৬ বছর বয়সী এই নির্মাতাকে তার অনুপস্থিতিতেই সাজা শোনানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং একই সময়ের জন্য সোশাল মিডিয়া ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে।

পানাহির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। 'রাষ্ট্রবিরোধী প্রচারণার' দায়ে গেল বছর তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তা সত্ত্বেও নিজের সিনেমার প্রচারে বিদেশ সফর শেষে গত মার্চে ইরানে ফেরেন তিনি।

ইউরোপে বসবাসরত পানাহির এক বন্ধু সংবাদমাধ্যমে বলেন, রায় ঘোষণার পর সোমবার সন্ধ্যায় পানাহির সঙ্গে তার কথা হয়েছে এবং তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

আইনজীবী নিলি জানিয়েছেন, পানাহির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলছে। তবে সর্বশেষ এই মামলার শুনানির দিনক্ষণ সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। গত সপ্তাহে ব্যাংক হিসাব জব্দ হওয়ার পরই তিনি আইনি এ পদক্ষেপের কথা জানতে পারেন।

ইরানি অধিকারকর্মীদের আইনি সহায়তা কেন্দ্র 'দাদবানের' সদস্য আইনজীবী মঈন খাজায়েলি বলেন, "কোনো অপরাধের সঙ্গে সম্পদের সরাসরি সম্পৃক্ততার আইনি ভিত্তি প্রমাণ করতে না পারলে এভাবে সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টি ইরানের সংবিধানের লঙ্ঘন হতে পারে।"

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি সতর্ক করে বলেছিলেন, ইরানে চলমান 'সহিংসতার চক্র' অব্যাহত থাকতে পারে।

তিনি বলেছিলেন, "রাষ্ট্র যে বর্বরতা চালাচ্ছে, তা চলতে থাকলে সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়ে পড়বে।"

শিল্পীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সর্বশেষ এই রায়ের পর ইরানে স্বাধীনভাবে কাজ করা শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অস্কার মনোনীত চলচ্চিত্র 'দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ' এ অভিনয়ের পর নির্বাসনে যেতে বাধ্য হওয়া ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকি গার্ডিয়ানকে বলেন, “যেকোনো স্বৈরশাসনের সবচেয়ে বড় ভয় হলো মানুষের বলা গল্পগুলোর ওপর নিয়ন্ত্রণ হারানো। সেই গল্পগুলো যখন সীমানা পেরিয়ে বিশ্বে পৌঁছে যায়, তখন তাদের আর চুপ করানো যায় না। জাফর পানাহির এই সাজা প্রমাণ করে, তাদের এই শাসন গল্প বলাকেও কতটা ভয় পায়।”

ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদিও এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই নতুন সাজা সাহসী একজন শিল্পীর কণ্ঠ রুদ্ধ করার আরেকটি চেষ্টা।"