০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জন: ওয়াসার সাবেক গাড়িচালক তাজুল ও তার স্ত্রীর ৩ বছর কারাদণ্ড

কারাদণ্ডের পাশাপাশি তাদের দুজনকেই অর্থদণ্ড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 07:30 PM

Updated : 05 Oct 2026, 07:30 PM

দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক এক গাড়িচালক ও তার স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান সোমবার এই আদেশ দেন।

দুদকের পিপি মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি ওয়াসার সাবেক গাড়িচালক তাজুল ইসলামকে ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের দুজনকেই তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়।”

রায়ে তাজুল ইসলামকে ১৫ লাখ ৬৯ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে খাইরুন্নেছাকে দুদক আইনের দুটি ধারায় ১৬ লাখ ৬৯ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর এলাকার আব্দুল মজিদের ছেলে।

তাজুল ও তার স্ত্রী খাইরুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ৫ মার্চ মামলা করে দুদক। পরে তাজুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই মামলায় ২০২৫ সালের জানুয়ারিতে অভিযোগপত্র দেওয়া হয়। তদন্তে খাইরুন্নেছার বৈধ কোন আয়ের উৎস পায়নি দুদক। তবে নগরীর রৌফাবাদ এলাকায় খাইরুন্নেছার নামে তিন শতক জমি আছে। সেই জমিতে স্বামী-স্ত্রীর নামে পাঁচ তলা একটি বাড়ির সন্ধান মেলে।

অবৈধভাবে উপার্জিত আয়কে বৈধতা দিতে তাজুল স্ত্রীর নামে জমি কেনেন ও স্ত্রীকে পোলট্রি খামারি সাজান বলে দুদকের তদন্তে উঠে আসে। ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেওয়া হল।