২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

কার্যালয়ের সহকারী পরিচালকের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 08:15 PM

Updated : 22 Nov 2023, 08:25 PM

কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বুধবার দুপুরে ওই পাসপোর্ট কার্যালয়ের কাউন্টারে জমা দিতে যান তিনি। তখন সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা।

পরে কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের কক্ষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক মো. সবুজ (২৮) একজন রোহিঙ্গা যুবক।

বিস্তারিত তথ্য না দিলেও আটক সবুজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে এসেছেন বলে দাবি কুষ্টিয়া মডেল থানার ওসি মো. সোহেল রানার।

পাসপোর্ট কার্যালয়ের সাজ্জাদ হোসেন জানান, সবুজ যে জাতীয় পরিচয়পত্রটি বহন করছিলেন তার নম্বর ৬৪৩৩৬৬৩৪৯৬, সেখানে বাবার নাম মো. খেদের আলী, মা মোছা. মরিয়ম বেগম, জন্ম ১৯৯৪ সালের ৭ অগাস্ট, সাং ঢাকা ঝালুপাড়া, ১৭ নম্বর পৌর ওয়ার্ড, ডাকঘর জগতী, কুষ্টিয়া সদর ঠিকানা লিখা আছে।

তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদে সবুজ নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। দুই/তিন বছর ধরেই তিনি কুষ্টিয়াতে যাতায়াত করছেন।

“স্থানীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তিনি ইতোমধ্যে এনআইডি কার্ড ও নাগরিক সনদ সংগ্রহ করেছেন। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ওই কাউন্সিলর মো. ওলিউল্লাহ বলেন, “আমার ওয়ার্ডে খেদের আলীর ছেলে সবুজ নামে এক যুবক অরিজিন্যালি আছেন। কয়েক দিন আগে সবুজ নাগরিক সনদ নিয়েছেন আমার কাছ থেকে। সে সনদ রোহিঙ্গার কাছে গেল কী করে? ঠিক আছে, আমি একটু তদন্ত করে দেখি, আসলে ঘটনাটা কী?”

ওসি মো. সোহেল রানা জানান, সবুজের এই প্রতারণা ও তথ্য জালিয়াতির সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।