ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ট্রাকের সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনা পর দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনটি ট্রাকের সংঘর্ষে এক চালকের প্রাণ গেছে। আহত হয়েছে আরেকজন।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি আকুল বলেন, তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। আরেক চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শেষ করলে সকাল ৮টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান আকুল চন্দ্র।
